ঢাকায় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনার প্রতিবাদে রাজশাহীতে দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে রাজশাহীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকরা শ্রেণি কার্যক্রম বর্জন করে এ কর্মসূচি পালন করেন। সকাল থেকেই শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান এবং সহকর্মীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী আঞ্চলিক শিক্ষা ভবনের সামনে শিক্ষকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। বক্তারা বলেন, ঢাকায় শিক্ষকদের ওপর হামলা শুধু লজ্জাজনকই নয়, এটি রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার প্রতি চরম অবমাননা। তারা বলেন, যারা শিক্ষক সমাজের ওপর এমন নির্মম আচরণ করেছে, তাদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।
বক্তারা আরও জানান, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, ২০ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধি এবং ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতাসহ তাদের ন্যায্য দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে সারাদেশে একযোগে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
শেষে শিক্ষকরা হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে নীরব মিছিল করেন এবং সহিংসতার ঘটনার নিন্দা জানিয়ে আন্দোলনকে শান্তিপূর্ণভাবে অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
