ধর্ম ছাড়া শিক্ষা মানুষকে বিপথে নিতে পারে: ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন

মাহমুদুল আলম, চট্টগ্রাম প্রতিনিধি

2 Min Read

আজ শনিবার (২২শে নভেম্বর) সকালে চট্টগ্রামের জিইসি মোড়ের ওয়েল পার্ক রেসিডেন্সের সভাকক্ষে আয়োজিত আসসুন্নাহ মডেল মাদরাসার বার্ষিক মাহফিল ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন।

তিনি তার বক্তব্যে বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার সমন্বয় ঘটাতে পারলে সমাজকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব। তিনি মনে করিয়ে দেন, ধর্মীয় জ্ঞান থেকে বিচ্ছিন্ন শিক্ষা মানুষকে নৈতিক সংকট ও বিপদগামী আচরণের দিকে ঠেলে দেয়।

তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থা থেকে ধর্মকে আলাদা করে রাখলে সমাজে অপরাধ, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ড বাড়তে পারে। তার ভাষায়,

শিক্ষা থেকে ধর্মকে বিচ্ছিন্ন করলে সমাজে ডাকাত ও মাস্তান তৈরির ঝুঁকি তৈরি হয়।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গেও তিনি বক্তব্য দেন। তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনে একটি সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। নির্বাচন শেষে বিজয়ীদের হাতে দায়িত্ব হস্তান্তর করা হবে এবং অতীতের ‘জাহেলি যুগে’ ফেরার কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।

দেশকে দুর্নীতি, সুদ, ঘুষ ও চাঁদাবাজমুক্ত করতে হলে ‘আল্লাহভীরু ও চরিত্রবান মানুষদের’ নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আদর্শিক রাষ্ট্র গঠনে তাদের এগিয়ে আসা জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পেশ ইমাম ও মাদরাসার প্রধান উপদেষ্টা আনোয়ারুল ইসলাম আযহারী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শায়খ, সংগঠনের চেয়ারম্যানসহ বিভিন্ন অতিথিরা বক্তব্য দেন। পরে মাদরাসার হিফয বিভাগের উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *