বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টেকনিক্যাল কমিটিতে পরিবর্তন এসেছে। চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে মেন্টর হিসেবে যুক্ত হওয়ায় কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন হাবিবুল বাশার সুমন। তার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে টুর্নামেন্ট শুরুর আগেই জানানো হয়েছিল—ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত কোনো বিসিবি পরিচালক বা সংশ্লিষ্ট ব্যক্তি বিপিএলের গভর্নিং কাউন্সিল কিংবা টেকনিক্যাল কমিটিতে থাকতে পারবেন না। সেই নীতিমালার আলোকে বাশারকে পদত্যাগ করতে হয়েছে।
বিপিএলের ১২তম আসরে চট্টগ্রাম রয়্যালসের মেন্টর হিসেবে দায়িত্ব নেওয়ার পরই এই সিদ্ধান্ত কার্যকর হয়। ফলে টেকনিক্যাল কমিটিতে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন নান্নু।
বর্তমানে বিপিএল টেকনিক্যাল কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন এএসএম রকিবুল হাসান। সদস্য সচিব হিসেবে রয়েছেন ইফতেখার রহমান মিঠু। আর সদস্য হিসেবে নান্নুর পাশাপাশি দায়িত্বে আছেন আবি আবদুল্লাহ আল নোমান।
এদিকে শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেটে পর্দা উঠছে বিপিএলের দ্বাদশ আসরের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। টুর্নামেন্ট শুরুর আগেই প্রশাসনিক এই পরিবর্তন বিপিএলকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
