চট্টগ্রামের পটিয়ায় প্রবাসী হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৮ই সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ধলঘাট ইউনিয়নের আলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মামুন সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে ছাত্রলীগ নেতা পরিচিত ফাহিম ধারালো অস্ত্র দিয়ে মামুনের ওপর একাধিকবার আঘাত হানে।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মামুন মারা যান।
ঘটনার পর থেকে মূল আসামি ফাহিম পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, আর স্বজনরা দ্রুত হত্যাকারীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
