চব্বিশের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথমবারের মতো এক আসামিকে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (১১ জানুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ স্বাস্থ্যগত কারণ বিবেচনায় লক্ষ্মীপুরের মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি হুমায়ুন কবিরকে জামিন দেন।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ায় আসামির জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে। তবে একাধিক কঠোর শর্ত আরোপ করেছেন ট্রাইব্যুনাল।
শর্ত অনুযায়ী, হুমায়ুন কবিরকে তার বাসার ঠিকানা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। তিনি গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে মামলাসংশ্লিষ্ট কোনো বক্তব্য দিতে পারবেন না। তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে অবহিত না করে বাসা পরিবর্তন করা যাবে না। এছাড়া মামলার সাক্ষ্য-প্রমাণ প্রভাবিত করার চেষ্টা করলে জামিন বাতিল হবে।
২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে লক্ষ্মীপুরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন হুমায়ুন কবির।
তিনি লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর গত আগস্টে ঢাকার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
