সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে সরকার

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

 

শরীয়াহভিত্তিক অর্থায়নের আওতায় সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার। এ উদ্দেশ্যে ১০ বছর মেয়াদি ইসলামী বন্ড (সুকুক) ইস্যু করা হচ্ছে, যার মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ।

রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, গত ৭ ও ৮ জানুয়ারি ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত শরীয়াহ অ্যাডভাইজরি কমিটির সভায় ইজারা পদ্ধতিতে এই সুকুক ইস্যুর অনুমোদন দেওয়া হয়। সভায় অংশ নেওয়া সদস্যরা সর্বসম্মতিক্রমে সুকুক ইস্যুর বিষয়ে একমত পোষণ করেন।

এই সুকুকের বিপরীতে সরকারি কর্মচারীদের জন্য গণপূর্ত অধিদফতরের অধীন সাতটি আবাসন প্রকল্প এবং বাংলাদেশ রেলওয়ের নির্দিষ্ট কিছু ট্রেন সেবাকে ভিত্তি সম্পদ (আন্ডারলাইনিং অ্যাসেট) হিসেবে ধরা হয়েছে।
‘বাংলাদেশ গভর্নমেন্ট স্পেশাল সুকুক-১’ নামের এই বন্ড প্রাইভেট প্লেসমেন্ট পদ্ধতিতে সরাসরি সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে ইস্যু করা হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, সরকার আগামী বুধবার (১৪ জানুয়ারি) ব্যাংকটি থেকে ১০ হাজার কোটি টাকা গ্রহণ করবে।

উল্লেখ্য, সম্প্রতি পাঁচটি ব্যাংক একীভূত করে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকটির পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের শেয়ারের মাধ্যমে এসেছে বাকি ১৫ হাজার কোটি টাকা। ব্যাংকটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *