২০২৫-২৬ অর্থবছরে সরকারি ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে বড় ধরনের কড়াকড়ির পথে হাঁটছে সরকার। নতুন নির্দেশনায় বন্ধ করা হয়েছে সরকারি অর্থে বিদেশ সফর, যানবাহন ক্রয় এবং নতুন ভবন নির্মাণ। ব্যতিক্রম রাখা হয়েছে শুধু বিশেষ প্রয়োজন এবং কিছু গুরুত্বপূর্ণ খাতের ক্ষেত্রে।
অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগ-১ থেকে মঙ্গলবার (৮ জুলাই) জারি করা নির্দেশনায় বলা হয়েছে, পরিচালন বাজেট থেকে সব ধরনের যানবাহন ক্রয়ের অর্থ ব্যয় বন্ধ থাকবে। তবে ১০ বছরের বেশি পুরনো টিও অ্যান্ড ই (Transport, Operation & Equipment)-ভুক্ত যানবাহন প্রতিস্থাপন করতে অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে ব্যয় করা যাবে।
এছাড়া শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাভুক্ত প্রকল্প ছাড়া নতুন কোনো আবাসিক, অনাবাসিক বা অন্যান্য স্থাপনা নির্মাণ স্থগিত থাকবে। যদিও কোনো চলমান নির্মাণকাজ যদি ৫০ শতাংশের বেশি অগ্রগতি অর্জন করে থাকে, সেক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে ব্যয় করা যাবে।
অর্থ মন্ত্রণালয়ের আদেশে ভূমি অধিগ্রহণ এবং থোক বরাদ্দের ব্যয়ও আপাতত স্থগিত রাখার কথা বলা হয়েছে। উন্নয়ন বাজেটের ক্ষেত্রেও একই নির্দেশনা কার্যকর হচ্ছে। উন্নয়ন প্রকল্পের অধীনে সব ধরনের যানবাহন কেনা বন্ধ থাকবে। ভূমি অধিগ্রহণের ব্যয় করতে হলে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে অর্থ বিভাগের অনুমোদন নিতে হবে।
সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বিদেশ সফর নিয়ন্ত্রণে। নির্দেশনায় বলা হয়েছে, সরকারি অর্থায়নে কোনো সেমিনার, সিম্পোজিয়াম বা ওয়ার্কশপে অংশ নেওয়া যাবে না। তবে ব্যতিক্রম হিসেবে রাখা হয়েছে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের পড়াশোনায় বিদেশ ভ্রমণ। সেইসঙ্গে সরকারি অর্থায়নে পেশাগত দক্ষতা বৃদ্ধির সঙ্গে যুক্ত বিদেশি প্রশিক্ষণেও অংশ নেওয়া যাবে।
সব ধরনের বিদেশ সফরের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ২০২৪ সালের ৯ ডিসেম্বরের পরিপত্র অনুসরণ করার শর্তও নতুন নির্দেশনায় পুনর্ব্যক্ত করা হয়েছে।
অর্থনীতিবিদদের মতে, সরকারি ব্যয় কমানোর এ উদ্যোগ বৈদেশিক মুদ্রার সঙ্কট এবং রাজস্ব ঘাটতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে বাস্তবায়নে স্বচ্ছতা ও রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মনে করছেন তারা।
কী কী বন্ধ থাকছে:
সরকারি বাজেটে নতুন গাড়ি কেনা
শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ছাড়া অন্য মন্ত্রণালয়ের নতুন ভবন নির্মাণ
সরকারি অর্থায়নে বিদেশে সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ
থোক বরাদ্দের ব্যয়
ভূমি অধিগ্রহণের ব্যয় (অর্থ বিভাগের অনুমতি ছাড়া)
কী কী শিথিলতা থাকবে:
১০ বছরের বেশি পুরনো গাড়ি প্রতিস্থাপন
মাস্টার্স, পিএইচডি পড়াশোনার জন্য বিদেশ ভ্রমণ
পেশাগত দক্ষতা বৃদ্ধির বিদেশি প্রশিক্ষণ
সরকারের এই ব্যয় সংকোচন প্রক্রিয়া কতটা কার্যকর হয়, তা নির্ভর করবে বাস্তবায়ন ও তদারকির ওপর।
