জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের ১২ হাজার ৮৭৭ জনকে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি বলেন,
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের সামনে এসেছে সাম্য, ন্যায় বিচার, নাগরিক মর্যাদা, গণতন্ত্র ও সমৃদ্ধির এক ঐতিহাসিক সুযোগ। সেই স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মই হবে দেশের প্রধান চালিকা শক্তি। উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে যুব সমাজ নেতৃত্ব দিচ্ছে এবং মন্ত্রণালয় থেকেও নানা উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।
তিনি জানান, আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য একটি বিশেষ প্রকল্প চালু করা হয়েছে, যেখানে ১২ হাজারের বেশি মানুষকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।
একইসঙ্গে ‘আর্ন প্রকল্প’-এর মাধ্যমে প্রায় ৯ লাখ তরুণ-তরুণীকে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। জাতীয় যুব নীতিমালার হালনাগাদ সংস্করণ এবং যুব উদ্যোক্তা নীতিমালা-২০২৫ প্রণয়নও সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এই উদ্যোগ শুধু আহত ও শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি পদক্ষেপ নয়, বরং নতুন প্রজন্মকে দেশের উন্নয়নযাত্রায় এগিয়ে নেওয়ার একটি সুনির্দিষ্ট রূপরেখা।
প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের এই কর্মসূচি বাস্তবায়িত হলে একদিকে যেমন আন্দোলনের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন জীবনের স্বপ্ন দেখতে পারবে, অন্যদিকে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।
