অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সরকারপ্রধানের দায়িত্ব তিনি নিজের ইচ্ছায় নয়, দেশের জনগণের ইচ্ছায় গ্রহণ করেছেন। মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যারা পরিবর্তন চেয়েছিলেন, তাদের পথ সহজ করাই এখন তার মূল কাজ।
তিনি জানান, দায়িত্ব পালনে নানা প্রতিবন্ধকতা রয়েছে এবং কিছু বিতাড়িত রাজনৈতিক উপাদান পুরো ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গত দেড় দশকে বহু তরুণ ভোটার প্রথমবার ভোট দেয়ার সুযোগ পাবেন বলেও উল্লেখ করেন তিনি।
রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগানোর কথা উল্লেখ করে ড. ইউনূস জানান, দেশটি মানবিক কারণে দেড় লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে এবং আসিয়ান সভাপতি হিসেবে আঞ্চলিক সমাধানে ভূমিকা রাখতে পারে। গত ১৮ মাসে নতুন করে দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন, যা সমস্যাকে আরও জটিল করেছে। যুক্তরাষ্ট্রের তহবিল বন্ধ হয়ে যাওয়া পরিস্থিতিকে আরও সংকটময় করেছে।
আগামী কয়েক মাসে কক্সবাজার, জাতিসংঘ অধিবেশন এবং দোহায় রোহিঙ্গা সংকট নিয়ে তিনটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। সফরকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য ও প্রযুক্তি খাতে আটটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
মালয়েশিয়ার ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর দেশে ফেরেন প্রধান উপদেষ্টা।
