আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পূর্ণাঙ্গ প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বুধবার (৬ আগস্ট) আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন।
সিইসি বলেন,
একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে আমাদের সামনে চ্যালেঞ্জ থাকবেই। তবে আমরা সব ধরনের প্রস্তুতি নেব। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে।” তিনি আরও জানান, নির্বাচন পর্যন্ত ইসির প্রস্তুতিতে কোনো বিরতি থাকবে না।
প্রধান নির্বাচন কমিশনারের এ ঘোষণা আসে একদিন পর, যখন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন, আসন্ন জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন করা হবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠিয়ে এ অনুরোধ জানানো হবে। তিনি বলেন,
রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারির নির্ধারিত সময়সূচি সামনে রেখে পর্যায়ক্রমে ভোটকেন্দ্র প্রস্তুতকরণ, ভোটার তালিকা হালনাগাদ, লজিস্টিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক সমন্বয়সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ইসি মনে করছে, এবারের নির্বাচন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্ব বহন করবে।
