দীর্ঘ প্রতীক্ষার অবসান—আসছে ২০ আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে উত্তরাঞ্চলের উন্নয়নের স্বপ্ন, তিস্তা সেতু। প্রায় এক দশক ধরে অপেক্ষার প্রহর গোনার পর গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মানুষের স্বপ্ন এখন হাতের নাগালে। ২০১৪ সালের ২৬ জানুয়ারি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও নানা জটিলতা, অর্থায়ন ও পরিকল্পনা পরিবর্তনের কারণে নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালে।
অবশেষে সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অর্থায়নে এবং চীনা প্রতিষ্ঠান পিসি গার্ডার-এর তত্ত্বাবধানে প্রায় ১,৪৯০ মিটার দৈর্ঘ্যের সেতুটি দাঁড়িয়ে গেছে তিস্তা নদীর বুক চিরে। ব্যয় হয়েছে ৭৩০ কোটি ৮৫ লাখ টাকা।
প্রথমে উদ্বোধনের তারিখ নির্ধারিত হয়েছিল ২ আগস্ট, পরে তা পিছিয়ে ২৫ আগস্ট করা হয়। কিন্তু সোমবার (১১ আগস্ট) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক পত্রে নতুন তারিখ হিসেবে ২০ আগস্ট ঘোষণা করা হয়। এলজিইডি নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী জানিয়েছেন, সেতুর লাইটিং, রঙ ও অবকাঠামো সম্পূর্ণ প্রস্তুত, উদ্বোধনের দিনই যান চলাচল শুরু হবে।
এই সেতু সরাসরি সংযুক্ত করবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর এবং কুড়িগ্রামের চিলমারীকে। এর ফলে কুড়িগ্রাম, উলিপুর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও চিলমারী থেকে ঢাকায় সড়কপথে যাত্রা সময় কমে আসবে প্রায় ৪ ঘণ্টা। একইভাবে গাইবান্ধা থেকে কুড়িগ্রাম, লালমনিরহাটসহ তিস্তা ওপারের জেলাগুলোর দূরত্ব উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
সেতুর সঙ্গে প্রায় ৮৬ কিলোমিটার সংযোগ সড়ক এবং উভয়পাশে ৩.৫ কিলোমিটার স্থায়ী নদীশাসন করা হয়েছে। নদীভাঙন প্রতিরোধের ফলে আশেপাশের গ্রামগুলোতে জমি হারানোর ভয় অনেকটাই কেটে গেছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, আগে পণ্য ঢাকায় নিতে ৮-৯ ঘণ্টা লাগত, এখন ৪-৫ ঘণ্টায় সম্ভব হবে, ফলে পরিবহন খরচও অর্ধেক হবে। কৃষকরা মনে করছেন, দ্রুত বাজারে পৌঁছাতে পারলে কৃষিপণ্যের নষ্ট হওয়ার হার কমে যাবে, যা সরাসরি আয় বাড়াবে।
হরিপুরের ৭৫ বছরের বৃদ্ধা নাসিমা বেগম বলেন,
আমরা ছোটবেলা থেকে শুনেছি তিস্তার উপর সেতু হবে। এখন চোখে দেখব। মৃত্যুর আগে এই দিনটা দেখা আমার জন্য আল্লাহর বড় নিয়ামত।” সেতুর নান্দনিক সাজসজ্জাও স্থানীয়দের আকর্ষণ করছে। ৩১টি পিসি গার্ডার স্প্যান, আধুনিক লাইটিং এবং সেতুর উভয়পাশের রঙিন সাজসজ্জা পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি করছে। ইতোমধ্যে সেতুর দুইপাশে ছোট ছোট দোকান ও ব্যবসা গড়ে উঠছে, যেখানে স্থানীয়রা আশা করছেন উদ্বোধনের পর পর্যটকের আনাগোনা বাড়বে।
তিস্তা সেতু শুধু ইট-পাথরের কাঠামো নয়, এটি উত্তরাঞ্চলের মানুষের স্বপ্ন, সংগ্রাম ও প্রতীক্ষার প্রতীক। ২০ আগস্টের উদ্বোধনের পর এই সেতু বদলে দেবে উত্তরাঞ্চলের অর্থনৈতিক মানচিত্র—যোগাযোগে গতি আনবে, বাণিজ্যে দেবে নতুন দিগন্ত, আর মানুষের মনে আনবে এক নতুন ভোরের আলো।
