অর্থপাচার মামলায় ১০ বছরের সাজা থেকে খালাস পাওয়া ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা জি কে শামীমের রায় স্থগিত চেয়ে আপিল আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রোববার (১৭ আগস্ট) আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদনের শুনানি হতে পারে বলে জানা গেছে।
এর আগে গত ৭ আগস্ট হাইকোর্টের বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি জাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ অর্থপাচার মামলায় শামীমকে খালাস দেন। তবে ২০২৩ সালের ১৭ জুলাই একই মামলায় বিচারিক আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। একই রায়ে তার সাত দেহরক্ষীর চার বছর করে সাজা হয়।
রায়ের পর্যবেক্ষণে বিচারক মন্তব্য করেছিলেন, অস্ত্রবাজ, টেন্ডারবাজ ও অর্থপাচারকারীদের কোনো আদর্শ নেই, তারা কোনো নীতি-আদর্শ লালন করে না। ওই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন জি কে শামীম, যা উচ্চ আদালত মঞ্জুর করে।
২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের বাড়ি ও অফিসে র্যাব অভিযান চালায়। এসময় আটটি আগ্নেয়াস্ত্র, বিপুল সংখ্যক গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর, ১ কোটি ৮১ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও মদ জব্দ করা হয়। পরদিন গুলশান থানায় অর্থপাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়।
২০২০ সালের ৪ আগস্ট সিআইডির ইকোনমিক ক্রাইম স্কোয়াড আটজনকে আসামি করে চার্জশিট দাখিল করে এবং ওই বছরের ১০ নভেম্বর মামলার বিচার কার্যক্রম শুরু হয়।
