কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারীকে প্রকাশ্যে পেটানোর অভিযোগ

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসকের বিরুদ্ধে সহকারীকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই এ ঘটনা ঘটে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ডায়াগনস্টিক সেন্টারের কর্মী ইয়াছিন চৌধুরী (৪১) ও তার সহকর্মী হাসেনা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মহিউদ্দিন মৃধা দাঁড়িয়ে থাকা ইয়াছিনকে পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। ঘটনাটি সিসি ক্যামেরায় ধারণ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আহত ইয়াছিন অভিযোগ করেছেন— পূর্ব বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যেই তাকে আক্রমণ করা হয়েছে। পরে তিনি থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযুক্ত চিকিৎসক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ইয়াছিন আমার সহকারীকে আগেও মারধর করেছিল, এ নিয়ে শালিসে জরিমানা দিয়েছিল। আবারও মিথ্যা মন্তব্য করলে রাগের মাথায় তাকে মারধর করেছি। তবে এটি করা ঠিক হয়নি।”

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানিয়েছেন, ঘটনার ভিডিও তাদের হাতে এসেছে। ভুক্তভোগীর অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, সরকারি স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ পদে থাকা এক চিকিৎসকের এমন আচরণে সাধারণ মানুষ বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, এই ঘটনায় চিকিৎসক-রোগীর আস্থার সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *