ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অপরাজেয় ৭১-অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এ কমিটি করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, হুমকির ঘটনায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদ এবং অপরাজেয় ৭১-অদম্য ২৪ প্যানেলের সহ-সভাপতি প্রার্থী মো. নাইম হাসান প্রক্টর বরাবর লিখিত আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে সত্যতা উদ্ঘাটন ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন—সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার, সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া এবং সহকারী প্রক্টর মো. রেজাউল করিম সোহাগ। কমিটিকে দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
