নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার এক বার্তায় অধ্যাপক ইউনূস নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে সুশীলা কার্কির দায়িত্বগ্রহণকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন,
বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।
অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করেন, অভিজ্ঞ নেতৃত্ব ও দৃঢ় প্রত্যয়ে নেপাল শিগগিরই শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে। একই সঙ্গে তিনি সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীতে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন তিনি।
বার্তায় ইউনূস আরও বলেন, বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী নেপালের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নতুন নেতৃত্বের মাধ্যমে আরও জোরদার হবে।
শেষে তিনি প্রধানমন্ত্রী কার্কির সুস্বাস্থ্য, সফলতা এবং নেপালের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
