ইসরাইল সমর্থন করায় এজেন্টকে বরখাস্ত করলেন পপ তারকা ডুয়া লিপা

বিনোদন ডেস্ক

1 Min Read

ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা তার দীর্ঘদিনের এজেন্টকে বরখাস্ত করেছেন। কারণ, ওই এজেন্ট একটি বিতর্কিত চিঠিতে স্বাক্ষর করেছিলেন যেখানে আয়োজকদের কাছে ফিলিস্তিনপন্থী আইরিশ র‍্যাপ ব্যান্ড নীক্যাপ-কে গ্লাস্টনবেরি উৎসবের লাইনআপ থেকে বাদ দেওয়ার দাবি জানানো হয়।

চিঠিটি প্রথমে ব্যক্তিগতভাবে পাঠানো হলেও পরে ফাঁস হয়ে যায় এবং সংগীত অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। শেষ পর্যন্ত নীক্যাপ নির্ধারিত সময়েই মঞ্চে পারফর্ম করে।

ডুয়া লিপার সাবেক এজেন্টের নাম উঠে আসে স্বাক্ষরকারীদের তালিকায়। জানা গেছে, এ সিদ্ধান্তের পেছনে মূল কারণ হলো শিল্পীর ফিলিস্তিনপন্থী অবস্থান। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলা হয়, ডুয়া স্পষ্টভাবে মনে করেন তার প্রাক্তন এজেন্ট গাজার যুদ্ধ ও ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের দমননীতির প্রতি সমর্থন জানিয়েছেন, যা তার নিজের অবস্থানের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।

বিতর্কিত ব্যান্ড নীক্যাপের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ফিলিস্তিনি সংগঠন হামাসকে সমর্থন করার অভিযোগে তারা সমালোচিত হয়, যদিও ব্যান্ডটি সব অভিযোগ অস্বীকার করেছে। এমনকি তাদের এক সদস্যকে যুক্তরাজ্যে সন্ত্রাসবাদের মামলায় অভিযুক্ত করা হয়েছিল, যা এখনও আদালতে বিচারাধীন।

ডুয়া লিপার এই সিদ্ধান্ত শুধু ব্যক্তিগত নয়, বরং সংগীত জগতে অবস্থান নেওয়ার এক শক্তিশালী বার্তাও বটে। বিশ্বব্যাপী যখন ফিলিস্তিন-ইসরাইল ইস্যুতে শিল্পীরা নিজেদের অবস্থান স্পষ্ট করছেন, তখন এই ঘটনা সংগীত অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *