রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি বাংলাদেশে এসে পৌঁছেছে। প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাশিয়ার পক্ষ থেকে ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে কেন্দ্রটি চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আগে নভেম্বরে চালুর জন্য অনুরোধ জানানো হলেও তা পিছিয়ে যাচ্ছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিশেষজ্ঞ টিম সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শন করেছে। তারা নিরাপত্তা ও প্রযুক্তিগত বিষয়ে বেশ কিছু সুপারিশ দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এসব সুপারিশ বাস্তবায়ন করেই কেন্দ্র চালুর জন্য চূড়ান্ত সম্মতি নেওয়া হবে।
তবে প্রতি ইউনিট বিদ্যুতের দাম এখনও নির্ধারণ হয়নি। পদ্মা নদীর তীরে পাবনায় নির্মিত এ কেন্দ্রের দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এর মধ্যে ইউনিট-১ এর কাজ শুরু হয় ২০১৭ সালে এবং ইউনিট-২ এর কাজ শুরু হয় ২০১৮ সালে।
প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে রাশিয়া দিচ্ছে ৯০ শতাংশ ঋণ, যা প্রায় ১১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। বাকি অর্থ দিচ্ছে বাংলাদেশ সরকার। এ ঋণের অর্থ ছাড়ের সময়কাল ২০২৭ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ২০২৮ সালের সেপ্টেম্বর থেকে মূল ঋণ পরিশোধ শুরু হবে।
চূড়ান্ত প্রস্তুতি শেষ হলে ডিসেম্বরেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।
