বিএনপি প্রতিহিংসার রাজনীতি করবে না: মির্জা ফখরুল

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করতে চায় না। আওয়ামী লীগ যেভাবে রাজনৈতিক মামলার আশ্রয় নিয়েছে, বিএনপি তেমনটি করবে না। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন,

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব তুলে নেওয়া হবে। আমরা সৌহার্দ্য ও সম্প্রীতির রাজনীতি করতে চাই।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদপুর ইউনিয়নে বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন,

শেখ হাসিনাকে বলছি, দেশে আসেন, এসে হাত জোড় করে জনগণের কাছে ক্ষমা চান, বলেন— যা করেছি ভুল করেছি।

এর আগে দুপুরে সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সেখানে ফখরুল বলেন,

দীর্ঘ নয় মাস সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার পরও যদি অমীমাংসিত বিষয়গুলো চাপিয়ে দিতে চায়, এর দায় বিএনপি নেবে না। এর দায় সরকারকেই নিতে হবে।

তিনি আরও ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৫ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য ফারমার্স কার্ড চালু করা হবে।

সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনসহ স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *