শ্রীলঙ্কাতেই বিশ্বকাপের ম্যাচ খেলবে বাংলাদেশ—আইসিসির সিদ্ধান্ত আসছে

স্পোর্টস ডেস্ক

2 Min Read

নানা টানাপড়েন ও আলোচনার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানই চূড়ান্তভাবে গ্রহণ করতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ভারতে খেলতে বিসিবিকে রাজি করানোর চেষ্টা একাধিকবার করা হলেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে বোর্ড। অন্যদিকে ভেন্যু পরিবর্তনের বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডও অবস্থান বদলাতে রাজি হয়নি। দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত বাংলাদেশের পক্ষেই সিদ্ধান্ত আসছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর নিরাপত্তা ইস্যু সামনে এনে বিশ্বকাপে ভারতে খেলতে অনিচ্ছা প্রকাশ করে বিসিবি। এই সিদ্ধান্ত ঘিরে ক্রিকেট অঙ্গনে পক্ষে-বিপক্ষে নানা মত উঠে এলেও বোর্ড অবস্থান থেকে সরে আসেনি।

এ বিষয়ে দেশের বাইরে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও গুজব ছড়ায়। কখনো ভেন্যু বদলের কোনো সিদ্ধান্ত হয়নি বলে দাবি করা হয়, আবার কখনো পয়েন্ট কাটা যাওয়ার হুমকির কথাও উঠে আসে। তবে এসবের মধ্যেই আইসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষায় ছিল বিসিবি।

সূত্র জানায়, একাধিক দফা আলোচনার পর আইসিসি বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দিকেই যাচ্ছে। তবে এ সিদ্ধান্ত বাস্তবায়নে নতুন করে সূচি তৈরি করতে হতে পারে সংস্থাটিকে। এতে বাংলাদেশের গ্রুপ ও প্রতিপক্ষেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

আগের সূচি অনুযায়ী বাংলাদেশ ছিল গ্রুপ ‘সি’-তে, যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। ভেন্যু পরিবর্তনের কারণে আয়োজক দেশ ও অন্য অংশগ্রহণকারী দলগুলোর ম্যাচ সংখ্যা সমন্বয় করতে হতে পারে, যা নিয়ে এখনো আলোচনা চলছে।

সব আলোচনা চূড়ান্ত হলেই খুব শিগগিরই বিসিবির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠাবে আইসিসি—এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *