শামীম ওসমান ও পরিবারের বিরুদ্ধে তিন মামলা, দুদকের কঠোর অবস্থান

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী দাখিল না করায় সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শামীম ওসমান এবং তার পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে দুদক এ তথ্য নিশ্চিত করে। সংস্থাটি জানায়, নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদের হিসাব জমা না দেওয়ার পাশাপাশি সময় বাড়ানোর আবেদনও করেননি সংশ্লিষ্টরা। এ কারণে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, জ্ঞাত আয় বহির্ভূত ৩ কোটি ২৬ লাখ টাকা ভোগ ও দখলের প্রমাণ পাওয়ায় সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে একই আইনের ২৭(১) ধারায় একটি মামলা করেছে দুদক। তদন্তে তার নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবের মধ্যে ১২টি সচল এবং সেগুলোতে বড় অঙ্কের লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়।

একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আরেক আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের পরিবারের তিন সদস্যের বিরুদ্ধেও সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে পৃথক তিনটি মামলা দায়ের করেছে সংস্থাটি।

দুদকের এই ধারাবাহিক মামলার মাধ্যমে নিষিদ্ধ রাজনৈতিক নেতাদের সম্পদ অনুসন্ধানে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত মিলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *