ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস জেলায় ১১ জন আরোহী নিয়ে একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টা ১৭ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই বিমানটির অবস্থান শনাক্ত ও আরোহীদের উদ্ধারে জরুরি অভিযান শুরু করে কর্তৃপক্ষ।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাস জানিয়েছে, স্থানীয় এয়ারলাইন ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের (আইএটি) ওই উড়োজাহাজটিতে তিনজন যাত্রী ও আটজন ক্রু সদস্য ছিলেন। বিমানটি রাজধানী জাকার্তা থেকে যাত্রা করে সুলাওয়েসির মাকাসা শহরের সুলতান হাসানুদ্দিন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছে মারোস জেলার লিয়াং-লিয়াং এলাকার দুর্গম অঞ্চলে। এলাকাটি প্রাগৈতিহাসিক গুহা ও চুনাপাথরের পাহাড়ের জন্য পরিচিত, যা উদ্ধারকাজকে আরও জটিল করে তুলছে।
ঘটনার পরপরই মাকাসার থেকে ২৫ জন প্রশিক্ষিত সদস্য নিয়ে একটি উদ্ধারকারী দল গঠন করা হয়। অনুসন্ধান কার্যক্রমকে আরও কার্যকর করতে উদ্ধারকারীদের তিনটি দলে ভাগ করে সম্ভাব্য এলাকায় পাঠানো হয়েছে। দুর্গম পাহাড়ি পথে অনুসন্ধানের জন্য আধুনিক ড্রোন ইউনিট, রেসকিউ ভেহিকল ও পার্সোনেল ট্রাক ব্যবহার করা হচ্ছে।
বাসারনাসের অপারেশন ডিরেক্টর এডি প্রকোসো জানান, উদ্ধারকারী দল ইতিমধ্যে নির্ধারিত স্থানাঙ্কের দিকে অগ্রসর হয়েছে। বিমান ও এর আরোহীদের অবস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত অনুসন্ধান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। প্রতিকূল আবহাওয়া ও কঠিন ভূপ্রকৃতি উদ্ধার তৎপরতার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
বিমানটির ভাগ্য এবং আরোহীদের নিরাপত্তা নিয়ে এখন উৎকণ্ঠায় অপেক্ষা করছে স্বজনরা, আর পুরো দেশ নজর রাখছে উদ্ধার অভিযানের সর্বশেষ অগ্রগতির দিকে।
