ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বুধবার (৪ জানুয়ারি) বিকেলে আয়োজিত বিভাগীয় নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, বিএনপি ক্ষমতায় এলে বৃহত্তর ফরিদপুর অঞ্চলে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। তিনি বলেন, এটি নদী ভাঙন প্রতিরোধ, কৃষক সুবিধা এবং চাষাবাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারেক রহমান আরও বলেন,
সমগ্র অঞ্চল ঘিরে পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যাতে সংকট বা শুকনা মৌসুমে এলাকার মানুষ পানির কষ্ট না পান এবং কৃষি চাষে সমস্যা না হয়। এই পদ্মা ব্যারেজ নির্মাণকাজে আমরা হাত দিতে চাই।
তিনি নদী ভাঙনের সমস্যার প্রতিকার এবং জমি রক্ষার পরিকল্পনার কথাও তুলে ধরেন। এছাড়া পাটশিল্প ও কৃষি উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করে বলেন,
ফরিদপুর অঞ্চলে পাটশিল্প থাকায় কৃষক ও শিল্পকারখানাকে সহযোগিতা করলে দেশের বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। চরাঞ্চলের ভুট্টাচাষিদের পাশে দাঁড়িয়ে সহায়তা করা হবে।
তারেক রহমান মানুষের কর্মসংস্থান সৃষ্টিরও আশ্বাস দেন। তিনি বলেন,
জনগণের সমর্থন থাকলে যেকোনো বড় কাজ করা সম্ভব। ধানের শীষ প্রতীক বিজয়ী হলে ধাপে ধাপে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে।
জনসভা দুপুর সাড়ে ১২টায় শুরু হয়ে দুপুর পৌনে ৩টায় তারেক রহমান যোগ দেন। জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইসার সভাপতিত্বে অনুষ্ঠানে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার ১৫টি সংসদীয় আসনের মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট চাওয়া হয়। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
