খালেদা জিয়ার দাফনের আগে ঢাকায় সৌজন্য সাক্ষাতে জয়শঙ্কর–আয়াজ সাদিক

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

ঢাকায় সদ্য প্রয়াত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন উপলক্ষে উপস্থিত বিদেশি অতিথিদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার দাফনের আগে রাজধানীতে তার বাসভবনে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে যান তারা। এ সময় সেখানে আয়াজ সাদিক ও এস জয়শঙ্করের মধ্যে সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাতে তারা পরস্পরের সঙ্গে করমর্দন করেন এবং কুশল বিনিময় করেন।

বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পৃথকভাবে ঢাকায় আসেন। পরে তারা বিকেল ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাদের সাক্ষাতের একটি ছবি শেয়ার করেন। পোস্টে উল্লেখ করা হয়, খালেদা জিয়ার দাফন অনুষ্ঠানের আগে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য বিনিময় করেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনব্যাপী সীমান্ত উত্তেজনা ও সামরিক সংঘাতের পর এটিই দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে প্রথম প্রকাশ্য সৌজন্য সাক্ষাৎ হিসেবে আলোচনায় এসেছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ওই সময় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বেগম খালেদা জিয়ার দাফন উপলক্ষে ঢাকায় ভারত ও পাকিস্তানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের এই সৌজন্য সাক্ষাৎ দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *