শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয়ে কারাগারে থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে মো. সাফিকুর রহমানকে সরানো হয়েছে। তার স্থলে সাময়িকভাবে দায়িত্ব পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়। অফিস আদেশে বলা হয়, ফৌজদারি মামলায় কারাবন্দি থাকায় মো. সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার স্বার্থে অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানাকে (বিমান ও সিএ) অতিরিক্ত দায়িত্ব হিসেবে এমডির দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগে রোববার রাত ৩টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে মো. সাফিকুর রহমান, তার স্ত্রী এবং দুই গৃহকর্মীকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
