পুনরায় ফ্রান্সের প্রধানমন্ত্রীর দায়িত্বে সেবাস্তিয়ান লেকর্নু

আন্তর্জাতিক ডেস্ক

1 Min Read

পদত্যাগের মাত্র চার দিন পরই আবারও ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন সেবাস্তিয়ান লেকর্নু। শুক্রবার (১০ অক্টোবর) রাতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন।

এলিসি প্রাসাদে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর লেকর্নুকে পুনর্বহালের ঘোষণা দেন প্রেসিডেন্ট। এক বিবৃতিতে জানানো হয়, লেকর্নু এখন থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি নতুন সরকার গঠনের কাজও করবেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানিয়ে লেকর্নু বলেন, বছরের শেষ নাগাদ তিনি জাতীয় বাজেট অনুমোদন ও সরকারি অর্থ পুনরুদ্ধারে অগ্রাধিকার দেবেন।

সম্প্রতি নতুন বাজেট উপস্থাপনের সময়সীমা ঘনিয়ে আসায় দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হন প্রেসিডেন্ট। নতুন প্রধানমন্ত্রীকে আগামী সোমবারের মধ্যেই সংসদে ২০২৬ সালের বাজেট উপস্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে দায়িত্ব নেওয়ার মাত্র ২৬ দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন লেকর্নু। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের পর সেই সিদ্ধান্তের কথা জানান তিনি।

চলতি বছরের সেপ্টেম্বরে পার্লামেন্টে আস্থা ভোটে হেরে ফ্রাঁসোয়া বাইরুর সরকার পতনের পর (১০ সেপ্টেম্বর) লেকর্নুকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেন প্রেসিডেন্ট।

গত বছরের জুলাই থেকে ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র হয়েছে। ক্রমবর্ধমান বিভাজন ও বিরোধী দলের অনাস্থা ভোটের কারণে যেকোনো প্রধানমন্ত্রীর জন্য সংসদে বিল বা বাজেট পাস করানো কঠিন হয়ে পড়েছে। সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী লেকর্নু ম্যাক্রোঁর দ্বিতীয় মেয়াদের পঞ্চম প্রধানমন্ত্রী।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *