ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
আজ শুক্রবার (২৩ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান
“ড. ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই,কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রাঞ্জিশনের জন্য ড. ইউনূস স্যারের দরকার আছে।”
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন- এমন খবরে গতকাল বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় তার সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম। এর একদিন পরই প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না বলে জানালেন বিশেষ সহকারী।
স্ট্যাটাসে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন,সরকারের কার্যক্রম আরো গতিশীল হতে হবে। উপদেষ্টাদের অধিকতর সক্রিও ভূমিকা রাখতে হবে। দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে। এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না। আমাদের দেখাতে হবে যে, গণঅভ্যুত্থান পরবর্তীতে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর (ড. ইউনূস) সাফল্য দেখিয়েছেন। বিশ্ব সম্প্রদায়ের কাছে ড. মুহাম্মদ ইউনূসের সম্মান আছে, এটি রক্ষা করা আমাদের দায়িত্ব।
তিনি বলেন, আমি মনে করি, সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে, নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে। কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়।
সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, পাশাপাশি সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না। আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিশডিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি। তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে। সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না, হঠকারী কিছু করা যাবে না। তেমনই, ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা- সেটা কেউ ভঙ্গ করবে না।
ফয়েজ তৈয়্যব জানান, সব প্রস্তুতি সম্পন্ন করে আগামী এপ্রিল-মে মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও নির্বাচনের তারিখ ঘোষণা একমাত্র প্রধান উপদেষ্টার এখতিয়ারভুক্ত। তিনি আরও উল্লেখ করেন,স্যারের এখতিয়ার অন্য কেউ হাইজ্যাক করতে পারবে না। স্যারকে যখন আনা হয়েছে, তখন বিমানবন্দরে দাঁড়িয়ে স্যার বলেছেন, আমার কথা শুনতে হবে।
তিনি আরও বলেন, “জুলাই-আগস্ট ২০২৫ এ আমরা গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উদযাপন করব এবং সেই সময়ে সাবেক শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রথম রায়ও আলোর মুখ দেখবে বলে আশা করি।”
শেষে তিনি বলেন,
“ইনশাআল্লাহ্ আমরা হারব না, আমাদের হারানো যাবে না। ইনকিলাব জিন্দাবাদ। প্রফেসর ইউনূস জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।”
