প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

2 Min Read

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য নতুন সিদ্ধান্ত ও জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। শুরুতে পরীক্ষা দুটি ধাপে নেওয়ার কথা থাকলেও সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী দুই ধাপের সব প্রার্থীর পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে।

ডিপিই সূত্র জানায়, আগামী ২ জানুয়ারি ২০২৬ তারিখে দুই ধাপে আবেদন করা সব প্রার্থীর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পার্বত্য তিন জেলা—খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান—বাদে দেশের অন্যান্য সব জেলায় সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত টানা ৯০ মিনিট এ পরীক্ষা নেওয়া হবে।

বুধবার (২৪ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নুর শামসুজ্জামানের সই করা এক জরুরি নির্দেশনায় পরীক্ষার সময়সূচির পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য কঠোরভাবে পালনীয় নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

প্রবেশপত্র সংগ্রহের বিষয়ে জানানো হয়েছে, আগামী ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে নির্ধারিত ওয়েবসাইটে ইউজার নেম ও পাসওয়ার্ড অথবা এসএসসি পরীক্ষার তথ্য ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এ বিষয়ে পরীক্ষার্থীদের জানাতে ০১৫১১-৬৬২২৬৬ নম্বর থেকে এসএমএসও পাঠানো হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র এবং মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি বা স্মার্টকার্ড) সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

পরীক্ষার শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে অধিদফতর কঠোর অবস্থান নিয়েছে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, বই, ক্যালকুলেটর, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস, ভ্যানিটি ব্যাগ বা কোনো ধরনের কাগজপত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। কোনো ডিজিটাল বা যোগাযোগযোগ্য ডিভাইস পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া নিয়োগ সংক্রান্ত কোনো ধরনের আর্থিক লেনদেন বা অসাধু চক্রের প্রতারণা থেকে দূরে থাকার জন্য পরীক্ষার্থীদের বিশেষভাবে সতর্ক করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *