সংস্কৃতিতে অবদানের জন্য দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার-এ ভূষিত হয়েছেন বিশিষ্ট উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। এই সম্মাননা পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক-এ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, এ অর্জন শুধু তার একার নয়। যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে তার দীর্ঘ পথচলা সম্ভব হয়েছে, এই স্বীকৃতি তাদের সবার। তিনি আজকের এই আনন্দঘন মুহূর্তে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও জানান, এই সম্মান তিনি দেশের লক্ষ-কোটি দর্শকের উদ্দেশ্যে উৎসর্গ করছেন।
হানিফ সংকেত বলেন, সুস্থ সংস্কৃতির চর্চাই পারে একটি সমাজকে আলোকিত করতে এবং দেশের জন্য সম্মান বয়ে আনতে। সেই বিশ্বাস থেকেই আমৃত্যু সুস্থ সংস্কৃতির বিকাশে কাজ করে যেতে চান তিনি।
অতীতেও দায়িত্ব নিয়ে কাজ করেছেন উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও একই নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে যাবেন। এই সম্মান তাকে সামনে এগিয়ে যেতে আরও উৎসাহিত করবে বলেও মন্তব্য করেন তিনি।
শেষে সবার কাছে নিজের জন্য দোয়া কামনা করেন এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
