‘আমাদের হাত ট্রিগারেই আছে’: ইসরাইল–যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা হুতির

আন্তর্জাতিক ডেস্ক

1 Min Read

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্কবার্তা দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির নেতা আব্দুল-মালিক আল-হুতি বলেছেন, পরিস্থিতি তৈরি হলে যেকোনো মুহূর্তে তারা হামলা চালাতে প্রস্তুত। খবর প্রকাশ রয়া নিউজের।

বৃহস্পতিবার (৫ মার্চ) টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, এ অঞ্চলের সামরিক পরিস্থিতির দিকে তারা গভীরভাবে নজর রাখছেন এবং প্রয়োজন হলে দ্রুত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত আছেন। তার ভাষায়, “আমাদের আঙুল সবসময় ট্রিগারে রয়েছে।”

ভাষণে আব্দুল-মালিক আল-হুতি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং দেশটির জনগণের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। আঞ্চলিক বিভিন্ন ফ্রন্টে তাদের মিত্ররা সক্রিয় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর সামরিক অভিযান শুরু করে। সেই সময় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছিল। আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা বন্ধের বিষয়ও উঠে আসে।

হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এসব হামলায় ইসরাইলের পাশাপাশি বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।

এদিকে ইরানের পক্ষে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইতোমধ্যে ইসরাইলের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। এর জবাবে লেবাননে স্থল ও বিমান হামলা জোরদার করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *