শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়ে দুদকের চিঠি

আবিদা সুলতানা, ডেস্ক রিপোর্ট

1 Min Read

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শকের কাছে চিঠি পাঠিয়েছে দুদক।

বৃহস্পতিবার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, মামলার তদন্ত কর্মকর্তারা আদালতের গ্রেপ্তারি পরোয়ানা, এজাহার, অভিযোগপত্র এবং পূরণকৃত রেড নোটিশ ফরম সংযুক্ত করে পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছেন। শেখ হাসিনা ও জয়ের বিষয়ে আলাদা দুটি চিঠি পাঠানো হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। আর জয় আগেই যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন।

পূর্বাচল নতুন শহর প্রকল্পের ছয়টি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে গত বছরের ডিসেম্বরে অনুসন্ধান শুরু করে দুদক। পরে এ বছরের ১২ জানুয়ারি শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তাঁর ছেলে জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে আসামি করা হয়েছে।

গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত এই মামলাগুলোর অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *