অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে নতুন করে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে আদালত। তার চট্টগ্রামে অবস্থিত ছয়টি ফ্ল্যাট এবং আটটি কোম্পানির বিভিন্ন যন্ত্রাংশ জব্দের আদেশ দিয়েছেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। প্রতিষ্ঠানটির উপপরিচালক মশিউর রহমান আদালতে আবেদন জানালে শুনানি শেষে আদালত সম্পদ জব্দের নির্দেশ দেন।
এর আগেও সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে থাকা বিপুল পরিমাণ সম্পদ অবরুদ্ধ করা হয়েছিল। চলতি বছরের মার্চ মাসে তার ২৩টি কোম্পানির ১০২ কোটি টাকার বেশি মূল্যের শেয়ার এবং ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশ দেয় আদালত। একইসঙ্গে একাধিক ব্যাংক ও বিও হিসাবও অবরুদ্ধ করা হয়, যেখানে কয়েক কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া যায়।
সাইফুজ্জামান ও তার স্ত্রী, ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানের বিরুদ্ধে দুদক ইতোমধ্যে ঘুষ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একাধিক মামলা দায়ের করেছে। অনুসন্ধানে উঠে এসেছে, সাবেক এই মন্ত্রী বিদেশে বিপুল সম্পদ গড়ে তুলেছেন। যুক্তরাজ্যে প্রায় ৩৫০টি বাড়ি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি বাড়ি এবং যুক্তরাষ্ট্রে আরও কয়েকটি সম্পত্তি কেনার তথ্য পাওয়া গেছে।
দুদকের সূত্রে জানা যায়, বিদেশে অর্থ পাচার ছাড়াও দেশে অনিয়ম, ঘুষ এবং প্রভাব খাটিয়ে সাইফুজ্জামান ও তার পরিবারের নামে বিপুল সম্পদ অর্জন করা হয়েছে। আদালত ইতোমধ্যে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে।
প্রশাসনিক মহল মনে করছে, দুর্নীতি দমন কমিশনের এই ধারাবাহিক পদক্ষেপ দেশে প্রভাবশালীদের জবাবদিহিতার আওতায় আনতে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে।
