প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীদের অধিকার আদায়ে চলমান আন্দোলনে নতুন মাত্রা যুক্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে গঠিত কমিটিকে প্রত্যাখ্যান করে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন পাঁচ দফা দাবি প্রকাশ করেছেন।
বুধবার বিকেলে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থী প্রতিনিধি জুবায়ের আহমেদ বলেন, ঘোষিত কমিটিতে প্রকৌশল অধিকার আন্দোলনের কোনো প্রতিনিধি নেই। তাই এই কমিটি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তার ভাষায়, “প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত কমিটিতে আমাদের প্রতিনিধিত্ব নেই। তাই এটি আমরা প্রত্যাখ্যান করছি।”
শিক্ষার্থীরা এ সময় নতুন পাঁচটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে শিক্ষার্থীদের সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি জবাবদিহি করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও আন্দোলনের স্টেকহোল্ডারদের অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করতে হবে। পূর্বে উত্থাপিত তিন দফা দ্রুত বাস্তবায়ন করে নির্বাহী আদেশ জারি করতে হবে। সংশ্লিষ্ট উপদেষ্টারা আজকের মধ্যেই এর নিশ্চয়তা দিতে হবে। এছাড়া পুলিশের হামলায় আহতদের চিকিৎসা ব্যয় সরকারকে বহন করতে হবে, আন্দোলনকালীন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং হামলাকারী পুলিশ সদস্যদের গ্রেফতার করে চাকরিচ্যুত করতে হবে।
এর আগে দুপুরে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীদের দাবির যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রণয়নে আট সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। তবে শিক্ষার্থীরা এই কমিটিকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন এবং দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদারের ঘোষণা দিয়েছেন।
