জুলাইয়ের গণ-অভ্যুত্থানের অন্যতম রাজনৈতিক নেতা ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নুরুল হক নুরের স্ত্রী মারিয়া আক্তার। এ সময় নুরের শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। মারিয়া আক্তার জানান, নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙে গেছে এবং তিনি চোয়াল ও মেরুদণ্ডে আঘাত পেয়েছেন। সুচিকিৎসার জন্য বিদেশে নেওয়া জরুরি বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ দেন এবং আশ্বাস দেন, তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, “এই ঘটনায় আমরা সবাই স্তম্ভিত। ন্যায্য বিচার নিশ্চিত করতে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।”
আইন উপদেষ্টা জানান, হামলার ঘটনা তদন্তে বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, যা আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে।
গত শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে রাজনৈতিক সংঘর্ষে নুরুল হক নুর ও গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। সংঘর্ষের পর নুরকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি শারীরিকভাবে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।
