জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (৫২) টানা ৪৮ ঘণ্টা ধরে নিখোঁজ রয়েছেন।
পরিবার জানায়, মঙ্গলবার রাতে তিনি স্ত্রীকে ফোন করে এক ঘণ্টার মধ্যে বাড়ি ফেরার কথা বললেও এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সর্বশেষ রাত ১১টা ২০ মিনিটে সুনামগঞ্জের দিরাই রাস্তা পয়েন্টের সিসিটিভিতে তাকে দেখা গেছে। বুধবার থানায় জিডি করা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার সুনামগঞ্জ শহরে ও শান্তিগঞ্জ উপজেলায় বিক্ষোভ করেছে জমিয়তের নেতাকর্মীরা। তারা দ্রুত সন্ধান দাবি করে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ঘটনাটি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। শান্তিগঞ্জ থানার ওসি-তদন্ত ইরফানুর রহমান জানান, পুলিশ অভিযান চালাচ্ছে তবে এখনো কোনো অগ্রগতি নেই।
