আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে চীন, রাশিয়া ও মঙ্গোলিয়া প্রথমবারের মতো যৌথ সীমান্ত সামরিক মহড়া আয়োজন করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) চীনের সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। তিন প্রতিবেশী দেশের এ মহড়া তাদের নিরাপত্তা সমন্বয়কে আরও ঘনিষ্ঠ করে তুলবে বলে বিশ্লেষকদের ধারণা।
‘বর্ডার ডিফেন্স কো-অপারেশন–২০২৫’ নামের এই মহড়া সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠিত হয়। পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জানিয়েছে, মহড়াটি তিন দেশের মধ্যে ভাগ করা একটি অঘোষিত সীমান্ত অঞ্চলে সম্পন্ন হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা না হলেও চীনা সেনাবাহিনী তাদের সরকারি উইবো অ্যাকাউন্টে সংক্ষিপ্ত বিবরণ দিয়েছে।
মহড়ায় চীন, রাশিয়া ও মঙ্গোলিয়ার সেনারা বিভিন্ন যুদ্ধাস্ত্র ব্যবহার করে অংশ নেন। এর মূল লক্ষ্য ছিল সীমান্ত অঞ্চলে উদ্ভূত নিরাপত্তা ঝুঁকি ও বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ কৌশলগত সক্ষমতা বাড়ানো। সামরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি সীমান্ত রক্ষায় সমন্বিত ভূমিকা রাখাই ছিল এই মহড়ার উদ্দেশ্য।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও রাশিয়ার ঘনিষ্ঠতা স্পষ্টভাবে বেড়েছে। এবার মঙ্গোলিয়ার অংশগ্রহণ সেই জোটকে আরও সুসংহত করার ইঙ্গিত দিচ্ছে। ভূরাজনীতির পরিবর্তিত প্রেক্ষাপটে এ ধরনের যৌথ মহড়া ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় বড় প্রভাব ফেলতে পারে।
