পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে এই চুক্তি দুই দেশের দীর্ঘদিনের নিরাপত্তা সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্বকে নতুনভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেবে। বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
চুক্তিতে বলা হয়েছে, এটি দুই দেশের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন, যার উদ্দেশ্য আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা জোরদার করা। এ ছাড়া এতে স্পষ্ট উল্লেখ আছে, কোনো একটি দেশের ওপর আগ্রাসন চালানো হলে সেটিকে উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবে গণ্য করা হবে এবং যৌথ প্রতিরোধ গড়ে তোলা হবে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, চুক্তিটি দীর্ঘ আলোচনার ফসল, যা দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক, কৌশলগত স্বার্থ এবং ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার ভিত্তিতে সম্পাদিত হয়েছে।
রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দুই দেশের মধ্যকার সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। তাঁরা আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং স্থিতিশীলতা নিশ্চিত করার প্রচেষ্টা নিয়েও মতবিনিময় করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বর্তমানে সৌদি আরবে রাষ্ট্রীয় সফরে রয়েছেন।
একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা রয়টার্সকে বলেন, এই প্রতিরক্ষা চুক্তি সব ধরনের সামরিক সহযোগিতা অন্তর্ভুক্ত করবে, তবে এটি পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য নয়; বরং প্রতিরক্ষামূলক সক্ষমতা শক্তিশালী করার জন্যই করা হয়েছে।উল্লেখযোগ্য বিষয় হলো, এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর এক যৌথ বৈঠকের দুই দিন পর। কাতারের দোহায় অনুষ্ঠিত ওই বৈঠকে ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানানো হয়। হামাসের রাজনৈতিক নেতৃত্বকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল, যখন তারা মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন।
বিশ্লেষকদের মতে, পাকিস্তান ও সৌদির এই প্রতিরক্ষা চুক্তি কেবল দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করবে না, বরং মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
