ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার মোহাম্মদ পাকপুর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্র ইরানের শীর্ষ দুই সামরিক কর্মকর্তার নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে বলে দাবি করা হয়েছে।
এদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা—সকালের হামলায় আইআরজিসি কমান্ডার এবং ইরানের গোয়েন্দা প্রধানও নিহত হয়েছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
শনিবার সকাল থেকে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। পরবর্তীতে অভিযানে যুক্তরাষ্ট্রও অংশ নেয় বলে জানা গেছে। হামলার লক্ষ্য ছিল ইরান প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও সামরিক কমান্ডারদের টার্গেট করা। তবে হামলার চূড়ান্ত ফলাফল সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রকাশিত হয়নি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ প্রসঙ্গে বলেন,
আমরা হয়তো কয়েকজন কমান্ডারকে হারিয়েছি, কিন্তু এটি বড় সমস্যা নয়।
এ ঘটনায় আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে এখনো বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
