ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। এশিয়া কাপ ফাইনালে হারের পরও অধিনায়ক সালমান আলী আগা জানিয়েছেন, পুরো দলের ম্যাচ ফি তারা দান করবেন ভারতের আক্রমণে ক্ষতিগ্রস্তদের জন্য।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সালমান বলেন, “দল হিসেবে আমরা এশিয়া কাপ ফাইনালের ম্যাচ ফি ভারতের হামলায় ক্ষতিগ্রস্তদের দান করছি।”
অন্যদিকে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবও তার মানবিক দিকের পরিচয় দিয়েছেন। তিনি টুর্নামেন্টে খেলা প্রতিটি ম্যাচের ফি দেশের সশস্ত্র বাহিনীর তহবিলে দেওয়ার ঘোষণা দেন।
মে মাসে শুরু হওয়া যুদ্ধে দুই দেশের বহু প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছিল। যুদ্ধের রেশ এখনও কাটেনি। এমন পরিস্থিতিতে দুই দেশের অধিনায়কের এই ঘোষণা নিঃসন্দেহে মানবিক উদ্যোগ হিসেবে প্রশংসিত হচ্ছে।
চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের খেলোয়াড়রা যুদ্ধবিধ্বস্ত মানুষ ও সেনাদের পাশে দাঁড়ানোয় ক্রীড়াজগতের ভেতরে নতুন এক উদাহরণ সৃষ্টি করল।
