খাগড়াছড়ির গুইমারা ও সদর উপজেলায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করেছে। এসব মামলায় এক হাজারেরও বেশি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে দুটি মামলা দায়ের হয়েছে গুইমারা থানায় এবং একটি খাগড়াছড়ি সদর থানায়।
গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, গত ২৮ সেপ্টেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালানো হয়। এ সময় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে ধানক্ষেত থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যা ও সহিংসতার অভিযোগে শতাধিক ও আড়াইশ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, গত ২৭ সেপ্টেম্বর মহাজনপাড়া, স্বনির্ভর ও উপজেলা পরিষদ এলাকায় সংঘর্ষের ঘটনায় সাত থেকে আটশ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর রাতে এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগে আন্দোলন শুরু হলে খাগড়াছড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও পরবর্তীতে চিকিৎসক দল কিশোরীর শরীরে ধর্ষণের কোনো আলামত পায়নি।
