ভেনেজুয়েলা উপকূলে ফের মার্কিন হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

2 Min Read

ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি ক্যারিবীয় সাগরে একটি নৌকায় মার্কিন সামরিক হামলায় চারজন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ দাবি করেছেন, এটি মাদক চক্রের বিরুদ্ধে চলমান ‘সশস্ত্র সংঘাতের’ অংশ।

শুক্রবার (৩ অক্টোবর) সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় হেগসেথ জানান,

নৌকাটি মাদক পাচার করছিল এবং এতে থাকা ব্যক্তিরা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত।

তবে নিহতদের পরিচয় বা সংগঠন সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য তিনি দেননি।

প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে। মাদক পাচার বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সতর্ক করেছেন তিনি।

এটি সেপ্টেম্বরের শুরু থেকে ভেনেজুয়েলার উপকূলে মাদকবাহী নৌযানের ওপর যুক্তরাষ্ট্রের চতুর্থ হামলা। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা বাড়ার ফলে ইতোমধ্যেই ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

এদিকে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পেদরিনো অভিযোগ করেছেন, দেশটির উপকূল থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে পাঁচটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান উড়ে গেছে। তার ভাষায়,

যুদ্ধবিমানগুলো ৩৫ হাজার ফুট উচ্চতায় ৪০০ নটিক্যাল মাইল গতিতে উড়ছিল এবং আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো শনাক্ত করেছে।

তিনি যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ডকে “উসকানিমূলক ও সার্বভৌমত্ববিরোধী” বলে আখ্যা দেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যারিবীয় সাগরে মার্কিন রণতরী মোতায়েন ও টহল কার্যক্রম নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শীতল হয়ে পড়েছে। ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিজের দেশের প্রতিরক্ষা জোরদার করার নির্দেশ দিয়েছেন, অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে—মাদকবিরোধী অভিযানের লক্ষ্যেই এসব পদক্ষেপ নেয়া হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, মাদকবিরোধী অভিযানের নামে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি মূলত ভেনেজুয়েলার ওপর কৌশলগত চাপ সৃষ্টি করার অংশ। এর ফলে ক্যারিবীয় অঞ্চলে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *