গাজা যুদ্ধের দুই বছর পূর্ণ হলো আজ। দুই বছরের নিরন্তর রক্তক্ষয়, ধ্বংস আর মানবিক বিপর্যয়ের পর অবশেষে আলোচনার টেবিলে বসেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইল। মিশরের পর্যটন নগরী শারম আল শেখে অনুষ্ঠিত প্রথম দিনের বৈঠক শেষ হয়েছে ‘ইতিবাচক পরিবেশে’।
পরোক্ষ এই আলোচনা শুরু হয় সোমবার, প্রস্তাবিত একটি শান্তি পরিকল্পনাকে ঘিরে। এতে মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের কূটনৈতিক প্রতিনিধি। বৈঠকে উভয় পক্ষই আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাধান খোঁজার ইঙ্গিত দিয়েছে।
সূত্র জানায়, আলোচনায় হামাস ও ইসরাইল উভয় পক্ষই কিছু মূল বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, হামাস তাদের হাতে থাকা জিম্মিদের মুক্তি দেবে, ইসরাইল গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হবে। এছাড়া ২৫০ জন আজীবন কারাদণ্ডপ্রাপ্ত ও প্রায় ১৭শ বন্দীকে মুক্তির প্রস্তাবও আলোচনায় এসেছে।
শান্তি প্রক্রিয়ার এই উদ্যোগে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশও সক্রিয় ভূমিকা রাখছে। বিশেষত তুরস্ক, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব উভয় পক্ষের মধ্যে আস্থা তৈরিতে কাজ করছে বলে জানা গেছে।
দ্বিতীয় দিনের আলোচনা আজ মঙ্গলবার শারম আল শেখেই অনুষ্ঠিত হবে। কূটনৈতিক মহল মনে করছে, এটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
তবে মাঠপর্যায়ে এখনো সহিংসতা থামেনি। গাজা উপত্যকায় গত একদিনে ইসরাইলি হামলায় নিহত হয়েছে অন্তত ১০ জন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু বসতবাড়ি ও বাজার এলাকা। পশ্চিম তীরেও হামলা ও দমন-পীড়ন অব্যাহত রয়েছে।
জাতিসংঘের মহাসচিব এক বিবৃতিতে বলেন, “নাগরিকদের জীবন দিয়ে আর কোনো রাজনৈতিক লক্ষ্য অর্জনের চেষ্টা গ্রহণযোগ্য নয়। গাজা এখন একটি বিশাল মানবিক বিপর্যয়ের মুখে।” তিনি জরুরি জ্বালানি সহায়তার জন্য ৯ মিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছেন, যাতে হাসপাতাল ও ত্রাণ কার্যক্রম সচল রাখা যায়।
বিশ্লেষকরা বলছেন, গাজা সংঘাতের এই মোড়ে আন্তর্জাতিক কূটনীতির সক্রিয় ভূমিকা একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। তবে, প্রকৃত শান্তি নির্ভর করবে পক্ষদ্বয়ের আন্তরিকতা ও বাস্তব পদক্ষেপের ওপর।
দুই বছরের এই যুদ্ধ যদি শেষ হয় আলোচনার টেবিলে—তাহলে হয়তো প্রথমবারের মতো ফিলিস্তিনের রক্তাক্ত মাটিতে শান্তির একটি সম্ভাবনা জেগে উঠবে।
