বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক প্রতিনিধিরা রবিবার (১৯ই অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তারা চলমান আন্দোলন ও শিক্ষা খাতের সংকট বিষয়ে বিস্তারিত অবহিত করেন এবং শিক্ষক সমাজের ন্যায্য দাবি আদায়ে রাজনৈতিক সমর্থন কামনা করেন।
এর আগে সকালে অর্থ বিভাগ এক প্রজ্ঞাপনে জানিয়েছে— এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে, সর্বনিম্ন ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনটি আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে বলে জানানো হয়।
তবে শিক্ষক সংগঠনগুলো এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, সরকারের প্রস্তাব বাস্তব প্রয়োজন ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১,৫০০ টাকা এবং উৎসব ভাতা মূল বেতনের ৭৫ শতাংশ বৃদ্ধির দাবি পুনর্ব্যক্ত করেছেন।
প্রজ্ঞাপন জারির পরও আন্দোলন স্থগিত না করে শিক্ষকরা রাজধানীর জাতীয় শহীদ মিনারে অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকার তাদের দাবিগুলো পূরণের আশ্বাস না দিলে কর্মসূচি আরও বিস্তৃত করা হবে।
একজন শিক্ষক প্রতিনিধি বলেন,
আমরা কোনও অনুদান চাই না, আমাদের ন্যায্য প্রাপ্য চাই। শিক্ষা খাতের মর্যাদা রক্ষায় এই আন্দোলন আমরা শেষ পর্যন্ত চালিয়ে যাব।
অন্যদিকে রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, বেতন-ভাতা কাঠামো পুনর্বিন্যাসের এই দাবি শুধু আর্থিক নয়, এটি শিক্ষকদের সম্মান ও জীবনমানের সঙ্গে গভীরভাবে জড়িত। শিক্ষা খাতের স্থিতিশীলতা ও গুণগত উন্নয়নের স্বার্থে সরকারের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান উঠছে বিভিন্ন মহল থেকে।
