শিশু সুরক্ষায় শিশু আইন ২০১৩ সংশোধনের দাবি সমাজকল্যাণ উপদেষ্টার

আবিদা সুলতানা, ডেস্ক রিপোর্ট

2 Min Read

শিশুদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিদ্যমান ‘শিশু আইন ২০১৩’-কে সময়োপযোগীভাবে সংশোধনের আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তাঁর মতে, এই আইনের কিছু অস্পষ্টতা ও ঘাটতি শিশু অধিকার রক্ষার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, যা দ্রুত সমাধান করা প্রয়োজন।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আইন কমিশন ও ইউনিসেফ বাংলাদেশ যৌথভাবে আয়োজিত ‘শিশু আইন ২০১৩ : সংশয়, বিভ্রান্তি ও অসংগতি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শারমীন এস মুরশিদ বলেন,

শিশুদের সুরক্ষা ও বিকাশ কেবল সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। মানবাধিকার ও আইনের শাসন নিয়ে যারা কাজ করছেন, তাদের উচিত এই আইনের ঘাটতিগুলো পূরণ করে এটিকে আরও কার্যকর রূপ দেওয়া।

তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মানবসম্পদে পরিণত করতে হলে শিশুদের প্রতি দায়িত্বশীল মনোভাব গড়ে তুলতে হবে। তাদের নিরাপদ, ন্যায্য ও বিকাশবান্ধব পরিবেশ নিশ্চিত করা ছাড়া একটি টেকসই সমাজ গঠন সম্ভব নয়।

কর্মশালায় আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা ও ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রানা ফ্লাওয়ারস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তাঁরা বলেন, শিশু সুরক্ষা ও ন্যায়বিচারের আইনি কাঠামো আরও শক্তিশালী করতে বিচার বিভাগের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক মানদণ্ডের সমন্বয় প্রয়োজন।

আলোচনায় বক্তারা শিশু আইন ২০১৩–এর সংশয়, বিভ্রান্তি ও অসংগতিগুলো চিহ্নিত করে সংশোধনী সুপারিশ প্রণয়নের ওপর গুরুত্ব দেন। তাঁদের মতে, যদি বর্তমান প্রজন্মের শিশুদের আত্মনির্ভর, সচেতন ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা যায়, তবে আগামীর বাংলাদেশ আরও সুন্দর ও ন্যায্য হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *