আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর সমর্থকরা। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে।
অবরোধের কারণে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন।
দলীয় সূত্রে জানা গেছে, বিকেলে গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেখানে মাদারীপুর-০১ আসনে জামান কামাল নুরুউদ্দিন মোল্লার নাম ঘোষণা করা হয়। অথচ একই আসনে মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু তালিকায় স্থান না পাওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে তার অনুসারীদের মধ্যে।
এরই জেরে সন্ধ্যায় লাভলুর কর্মী-সমর্থকরা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে আন্দোলনকারীদের সংখ্যা বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে বলে জানা গেছে।
অবরোধের ফলে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে, এবং শিবচর হয়ে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা কার্যত স্থবির হয়ে পড়েছে।
