বান্দরবানের রেইচা এলাকায় পাহাড়ি সড়কে নিয়মিত তল্লাশির সময় চোলাই মদসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে সেনা সদস্যরা। শনিবার (৮ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে রেইচা আর্মি চেকপোস্টে দায়িত্বে থাকা সদস্যরা তল্লাশি চালিয়ে তাদের আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন মো. ইব্রাহিম (৩৪) ও তার স্ত্রী রুনা আক্তার (৩২)। তারা চট্টগ্রামের কর্ণফুলি থানার পাথরঘাটা এলাকার বাসিন্দা।
তল্লাশিকালে সেনা সদস্যরা সাঙ্গু পরিবহনের একটি বাস থামিয়ে সন্দেহভাজন যাত্রীদের যাচাই-বাছাই করেন। এসময় একটি ব্যাগ ও কয়েকটি স্যালাইন বোতলের ভেতর লুকানো অবস্থায় মোট ৮ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীকে হাতেনাতে আটক করা হয়।
পরে উদ্ধারকৃত মদ ও আটক ব্যক্তিদের বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বান্দরবানের বিভিন্ন সীমান্তপথ ব্যবহার করে মদ ও অন্যান্য মাদকদ্রব্য পাচারের প্রবণতা বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এসব চোরাচালান রোধে পাহাড়ি এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
