রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহের পাশ থেকে উদ্ধার হওয়া ড্রামের ভেতরের খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতের নাম আশরাফুল হক (৪২)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র। জানা গেছে, আঙ্গুলের ছাপের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। আশরাফুল হকের বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামে। তার বাবার নাম মো. আব্দুর রশিদ ও মায়ের নাম এছরা বেগম।
সন্ধ্যার দিকে হাইকোর্ট সংলগ্ন এলাকায় দুটি নীল রঙের ড্রাম পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেন। পুলিশ গিয়ে ড্রাম দুটি খুলে দেখতে পায় ভেতরে চালের স্তূপের নিচে কালো পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহ। ঘটনাস্থল থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল।
তদন্ত কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে হত্যা করে মরদেহটি ড্রামে ভরে এখানে ফেলে রাখা হয়। মরদেহের গলা থেকে পা পর্যন্ত অংশ আলাদা করা অবস্থায় পাওয়া গেছে, মুখে দাড়িও ছিল।
ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হত্যার কারণ ও সংশ্লিষ্টদের শনাক্তে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। সূত্র বলছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে, যার পেছনে থাকতে পারে ব্যক্তিগত বা আর্থিক বিরোধের জটিল সূত্র।
