২১তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করল বুলগেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

2 Min Read

মুদ্রাস্ফীতি ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে শঙ্কার মধ্যেই জাতীয় মুদ্রা হিসেবে ইউরো চালু করেছে বুলগেরিয়া। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দেশটিতে দীর্ঘদিন ব্যবহৃত লেভের পরিবর্তে আনুষ্ঠানিকভাবে ইউরো চালু হয়। এর মাধ্যমে ইউরোজোনের ২১তম সদস্যে পরিণত হলো দক্ষিণ-পূর্ব ইউরোপের এই দেশটি।

প্রায় দেড় শতাব্দী আগে, ১৮৮১ সালে বুলগেরিয়ায় লেভ মুদ্রার প্রচলন শুরু হয়। ২০০৭ সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও নানা অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে এতদিন ইউরোজোনে যোগ দিতে পারেনি দেশটি। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে ইউরোজোনে প্রবেশের প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করে সোফিয়া।

ইউরো চালুর ফলে ইউরোপজুড়ে একক মুদ্রা ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় ৩৫ কোটি ৬০ লাখে। একই সঙ্গে কৃষ্ণসাগর অঞ্চলে প্রথমবারের মতো ইউরো একক মুদ্রা হিসেবে কার্যকর হলো।

৬৪ লাখ জনসংখ্যার বুলগেরিয়ায় একাধিক সরকার ইউরো গ্রহণকে অর্থনীতি পুনরুদ্ধারের হাতিয়ার হিসেবে দেখছে। সরকারের আশা, এতে বিনিয়োগ বাড়বে, পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং রাশিয়ার প্রভাব কমবে। তবে বিরোধীদের একাংশ আশঙ্কা প্রকাশ করে বলছে, ইউরো চালুর ফলে জীবনযাত্রার ব্যয় বেড়ে যেতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের দরিদ্রতম দেশগুলোর একটি হিসেবে পরিচিত বুলগেরিয়া বর্তমানে দুর্নীতিবিরোধী আন্দোলন, সরকার পতন এবং ঘন ঘন নির্বাচনের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটিতে পাঁচ বছরে আটবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিদায়ী প্রধানমন্ত্রী রোসেন জেলিয়াজকভ বলেছেন, ইউরো গ্রহণ বুলগেরিয়ার জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। তার দাবি, চলতি বছর দেশটির জিডিপি দাঁড়িয়েছে ১১৩ বিলিয়ন ইউরোতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি তিন শতাংশের বেশি, যা ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ পাঁচ দেশের কাতারে বুলগেরিয়াকে স্থান দিয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *