গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিনিধি

2 Min Read

গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে প্রথম ধাপে দুটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামীর একজন প্রার্থীও রয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে পাঁচজন এবং গাইবান্ধা-২ (সদর) আসনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে চাকরিতে থাকার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া সমর্থনকারী ভোটার সঠিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোছা. সালমা আক্তার, স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তফা মহসিন, দলের মনোনয়ন সঠিক না থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রমজান আলী এবং জাতীয় পার্টির প্রার্থী মো. মাহফুজুল হক সরদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

গাইবান্ধা-২ সদর আসনে দলের মনোনয়নপত্র সঠিক না হওয়ায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মিহির কুমার ঘোষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল মাজেদের মনোনয়নপত্র বাতিল হয়। একই আসনে হলফনামায় স্বাক্ষর না থাকায় খেলাফত মজলিসের প্রার্থী একেএম গোলাম আযমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা যাচাই-বাছাই শেষে এসব তথ্য জানান। সংশ্লিষ্ট সূত্র জানায়, গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ ও গাইবান্ধা-২ সদর আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *