ডিবির তদন্তে প্রকাশ্যে এলো হাদি হত্যার মূল কারণ

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তে হাদিকে হত্যার পেছনের কারণও উঠে এসেছে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) মিন্টো রোডের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ড ও তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতেই ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে ১২ জনকে গ্রেফতার করা হলেও ৫ জন এখনও পলাতক রয়েছেন।

ডিবি প্রধান বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই শরিফ ওসমান বিন হাদিকে হত্যা করা হয়েছে। তিনি জানান, হাদি সমসাময়িক রাজনীতিতে একটি পরিচিত মুখ ছিলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি ভিন্নধর্মী রাজনৈতিক অবস্থান গ্রহণ করেন এবং বিভিন্ন সভা-সমাবেশ, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের অতীত কর্মকাণ্ড নিয়ে ধারাবাহিকভাবে সমালোচনামূলক বক্তব্য দিয়ে আসছিলেন।

তার এসব বক্তব্যে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে তদন্তে উঠে এসেছে।

ডিবি জানায়, হাদির রাজনৈতিক ধারা ও সক্রিয়তার কারণেই ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী (বাপ্পী) হত্যার নির্দেশ ও পরিকল্পনা দেন। এ পরিকল্পনার অংশ হিসেবেই ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করা হয়।

মামলার নথিতে গুলিবর্ষণকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিমকে। তার সহযোগী হিসেবে আদাবর থানা যুবলীগের কর্মী আলমগীরের সংশ্লিষ্টতার তথ্যও পেয়েছে ডিবি। তবে এ তিনজনের কাউকেই এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তারা ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে তদন্ত সংস্থা।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে চলন্ত একটি মোটরসাইকেল থেকে রিকশায় থাকা হাদির মাথায় গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর, ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করা হলেও হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *