ঢাকা–ইসলামাবাদ প্রতিরক্ষা ঘনিষ্ঠতা: বাংলাদেশকে জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে আগ্রহী পাকিস্তান

2 Min Read

বাংলাদেশের কাছে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য চুক্তি নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। অস্ত্র রফতানির পরিসর বাড়ানো এবং দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার (৭ জানুয়ারি) প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদে বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও পাকিস্তানের এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর মধ্যে এই বৈঠক হয়। এমন এক সময়ে এই আলোচনা অনুষ্ঠিত হলো, যখন পাকিস্তান ভারতের সঙ্গে গত বছরের মে মাসের সংঘর্ষে নিজেদের বিমান বাহিনীর সক্ষমতাকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে চাইছে।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, বৈঠকে চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি বহুমুখী যুদ্ধবিমান জেএফ-১৭ থান্ডার ক্রয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশকে দ্রুত ‘সুপার মুশশাক’ প্রশিক্ষণ বিমান সরবরাহ, পূর্ণাঙ্গ প্রশিক্ষণ ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেয় পাকিস্তান।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই আলোচনা দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত বহন করছে। বিশেষ করে ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ–ভারত সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে ঢাকা ও ইসলামাবাদের ঘনিষ্ঠতা বাড়ছে বলে মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা।

পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, এই সফর ঐতিহাসিক সম্পর্ক পুনরুজ্জীবনের পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার প্রতিফলন।

উল্লেখ্য, জেএফ-১৭ থান্ডার বর্তমানে পাকিস্তানের সামরিক বিমান উন্নয়ন কর্মসূচির অন্যতম প্রধান স্তম্ভ। আজারবাইজান ও লিবিয়ার ন্যাশনাল আর্মিসহ একাধিক দেশের সঙ্গে বড় অস্ত্র চুক্তিতে এই যুদ্ধবিমান ইতোমধ্যে অন্তর্ভুক্ত হয়েছে।

মঙ্গলবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, বাস্তব যুদ্ধে পরীক্ষিত এই বিমানগুলো দেশটির অর্থনৈতিক ভবিষ্যৎ বদলে দিতে পারে। জিও নিউজকে তিনি জানান, এত বেশি আন্তর্জাতিক অর্ডার আসছে যে ভবিষ্যতে পাকিস্তানের আইএমএফের ওপর নির্ভরতা কমে যেতে পারে।

সূত্র: রয়টার্স

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *